নিজস্ব প্রতিনিধিঃ- বছর শেষ হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তাই বর্ষবরণের আগে ছুটির মরসুমে বিভিন্ন প্রান্তে যাচ্ছে ভ্রমণ প্রিয় বাঙালি। এক্ষেত্রে অন্যথা ঘটে হয়নি রাজ-শুভশ্রীর ক্ষেত্রেও। খবর, তাঁরা এখন চুটিয়ে উপভোগ করছেন ব্যাংককে, সমুদ্রপাড়ের পরিবেশ। স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ছেলেমেয়ে ইউভান-ইয়ালিনি, ভাগ্নী সৃষ্টি পাণ্ডে, পারিবারিক বন্ধু ফলক রশিদকে নিয়ে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন প্রযোজক-পরিচালক রাজ চক্রবর্তী।
তবে এরই মাঝে সকলের মন কেড়ে নিলেন রাজের এক বছরের কন্যা ইয়ালিনি। সবে টলোমলো পায়ে হাঁটতে শিখেছে সে । তার মধ্যেই হলুদ রঙের বিকিনি পরে সমুদ্রতটে বসে! মাথার উপরে চুড়ো করে বাঁধা চুল। কখনও পা মুড়ে বসে সে। কখনও আপন মনে বালি নিয়ে খেলতে ব্যস্ত। দাদা ইউভানের সঙ্গেও খেলছে সে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নেটিজেনদের মন কেড়েছে এই একরত্তি। কেউ মন্তব্য করেছেন, মেয়ে হয়তো মায়ের মতো অভিনয়ে। সেই জন্যই বুঝি বিকিনিতেও সাবলীল। জানা গিয়েছে, বছর শেষ হতে আর কয়েকটি দিন। তাই পরিবারকে সময় দিতেই বাইরে উড়ে গিয়েছেন প্রযোজক-পরিচালক। আগামী ৩১ ডিসেম্বর ব্যাংককেই কাটাবেন। নতুন বছরে ফের নিজের শহরে পা রাখবেন জুটি।
উল্লেখ্য, বড়দিনে অন্যান্য ছবির সাথে পাল্লা দিয়ে বক্স অফিসে জায়গা করে নিয়েছে রাজ চক্রবর্তীর পরিচালিত ছবি ‘সন্তান’। ছবিতে আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী। বাঙালির আবেগের এই ছবি মানুষের মনে জায়গা করে নিয়েছে বলেই দর্শকদের দাবি।