নিজস্ব প্রতিনিধি : শুরু থেকেই একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন শুভশ্রী। স্কুলে পড়া এক বালিকা থেকে শুরু করে পচাঁত্তর এর ঠাম্মি প্রত্যেকটা চরিত্রেই হিট হয়েছেন টলি নায়িকা। কখনো তিনি ‘সুপার মম’ কখনো আবার ‘সুপার ওম্যান’ এর তকমা পেয়েছেন তিনি। টলি পাড়ায় তাঁকে অবশ্য ভালবেসে অনেকে শুভ বলে ডাকে। বাস্তবে কেমন এই টলি সুন্দরী জানেন ? তবে জানুন তাঁর পছন্দ-অপছন্দের তালিকায় কি কি বিষয় আছে?
সম্প্রতি এসভিএফ সোশ্যাল-এর একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে দেখা গিয়েছে একেবারে অন্য শুভশ্রীকে। এই ভিডিয়োই নিজের ভাল লাগা, খারাপ লাগা শেয়ার করেছেন তিনি। অভিনেত্রীর প্রিয় খাবার কী জানেন? একেবারে ঘরোয়া বাঙালি খাবার। আর তারমধ্যেও নাকি সবচেয়ে প্রিয় আলু সিদ্ধ, ভাত।
নায়িকাকে বাড়িতে সকলে কী নামে ডাকে জানেন? অভিনেত্রী একগাল হেসে উত্তর দিলেন ‘পুটাই’। ডান্স বাংলা ডান্সের সেট হোক বা পুরোনো ভাইরাল ভিডিয়ো, শুভশ্রী আর অঙ্কুশের দোস্তির কথা সকলেরই জানা। তাই তাঁর জীবনে সবচেয়ে মজার কো-স্টার হলেন অঙ্কুশ।
অঙ্কুশের সঙ্গে শুভশ্রীর প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। বললেন, ‘ও বাবা অসহ্য যাকে বলে আর কী।’ তাঁর মজার অভিনেতা হিসেবে অঙ্কুশের নাম আগে নিলেন তিনি। হঠাৎ তাঁকে প্রশ্ন করা হল সুপার পাওয়ার পেলে কি করবেন তিনি ? তিনি সপাটে উত্তর দিলেন ‘সুপার পাওয়ার চাই না। কারণ, সেটা পেলেই অনেকে বিরক্ত করবে। বলবে আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও।’
ইয়ালিনির জন্মের পর খুব কম সময়ের ব্রেক নিয়েছিলেন শুভশ্রী। তার মধ্যে চেহারায়ও এনেছেন অনেকখানি বদল। নিজেকে ভেঙেছেন, গড়েছেন। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। তবে অনেকেরই অজানা শুভশ্রীর জীবনের বেশ কিছু বিষয়। বাহ্যিক রূপই কী সব? সৌন্দর্যের সংজ্ঞা কী শুভশ্রীর কাছে? এই নিয়ে অভিনেত্রী জানান, ‘বিউটিটা মন থেকে আসা দরকার। তাহলেই একজন মানুষকে সবচেয়ে বেশি সুন্দর দেখায়।’