নিজস্ব প্রতিনিধি: বড়দিনের পরের দিনই দুঃসংবাদ। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা উদারনীতি ও অর্থনৈতিক সংস্কারের জনক মনমোহন সিংহ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত নয়টা বেজে ৫১ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এইমস) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। প্রাক্তন প্রধানমন্ত্রীর আকস্মিক প্রয়াণের সংবাদে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। অজাতশত্রু নেতার আকস্মিক বিদায়ের খবর পেয়ে শোকার্ত হয়ে পড়েছেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন রাতে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পুর্বতন টুইটার) প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে শোকজ্ঞাপন করেছেন তিনি। পোস্টে মমতা লিখেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-জির আকস্মিক মৃত্যুতে গভীরভাবে স্তম্ভিত এবং দুঃখিত। আমি তাঁর সঙ্গে কাজ করেছি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁকে খুব কাছ থেকে দেখেছি। তাঁর পাণ্ডিত্য এবং প্রজ্ঞা ছিল প্রশ্নাতীত। তাঁর হাত ধরে দেশে যে আর্থিক সংস্কার শুরু হয়েছিল তার গভীরতা ব্যাপকভাবে স্বীকৃত।’
Profoundly stunned and saddened by the sudden demise of our former Prime Minister Manmohan Singh ji.
I had worked with him and saw him from very close quarters in the Union Cabinet. His erudition and wisdom were unquestionable, and the depth of the financial reforms ushered in…
— Mamata Banerjee (@MamataOfficial) December 26, 2024
মনমোহনের মতো পণ্ডিত ও দূরদৃষ্টিসম্পন্ন রাজনেতা ও সমাজ সংস্কারের মৃত্যুতে দেশ যে একজন পথ নির্দেশককে হারিয়েছে তা উল্লেখ করে মমতা লিখেছেন, ‘দেশবাসী তাঁর নেতৃত্বের অভাব উপলব্ধি করবে এবং আমি তার স্নেহ মিস করব।’ প্রয়াত নেতার পরিবার ও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত অনুরাগীদের আন্তরিক সমবেদনাও জানিয়েছেন মমতা। /