নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি পাঠাল দেশটির বিদেশ মন্ত্রণালয়। শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রক উপদেষ্টা।
এই নিয়ে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরের পর বাংলাদেশের বিদেশ মন্ত্রক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, ‘প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। এটা ভারতকে জানানো হয়েছে। এই বিষয়ে তাই ভারতকে নোট ভারবাল পাঠানো হয়েছে।’
এর আগে সোমবার সকালে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শেখ হাসিনাকে ফেরতে চেয়ে পররাষ্ট্র দফতরে চিঠি পাঠান। চুক্তি অনুযায়ী ভারত থেকে তাঁকে ফেরানো হবে বলে জানিয়েছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা।
এই নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন ‘ছাত্র-জনতার আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনার। সেই থেকে ভারতেই আছেন তিনি। তাঁকে বিচারের জন্য দেশে ফিরতেই হবে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে এক্সট্রা অডিশন চাওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।’
একইসঙ্গে তিনি আরও বলেন, ‘চুক্তি বিনিময়ের উপায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা হবে। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে। খুব শীঘ্রই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।’
উল্লেখ্য, গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই ভারতে রয়েছেন তিনি। এদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বারবার চোখ রাঙানি দিয়ে চলেছে মোল্লা ইউনূস সরকার।