নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে দিন দিন বাড়ছে হৃদরোগ আক্রান্তের সংখ্যা। আট থেকে আশি কম বেশি সকলেই ভুগছেন হৃদরোগে । এই আবহে আচমকাই মাঝ আকাশে কলকাতা থেকে দিল্লিগামী বিমানের মধ্যে হার্ট ফেলিওর হয়ে যায় বিকানিরের বাসিন্দা এক মহিলার। আর সেইসময় বিমানের মধ্যে ছিলেন কলকাতার এক মহিলা চিকিৎসক। তাঁর তৎপরতায় নতুন জীবন পেলেন আক্রান্ত রোগী।
সূত্রের খবর, মাঝবয়সি ওই মহিলা কলকাতা থেকে উড়ান শুরু হওয়ার মিনিট ১৫ পর হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। প্রচণ্ড ঘামতে থাকেন তিনি । আর সেইসময় বিমানে তিনি একাই ছিলেন। তবে ওই মহিলার এমন অবস্থা দেখে এগিয়ে আসেন এক সহযাত্রী। যিনি পেশায় ছিলেন কলকাতার এক চিকিৎসক স্মিতা মৈত্র । তিনি বুঝতে পেরেছিলেন উচ্চ রক্তচাপের রোগী ওই বিমানযাত্রী মারাত্মক ‘হাইপারটেনসিভ হার্ট ফেলিওর’-এর শিকার হয়েছেন। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করা শুরু করে দেন।
অন্যদিকে রাঁচি এয়ারপোর্টে ওই বিমানযাত্রীর মুমূর্ষু অবস্থার কথা জানিয়ে দেন ওই চিকিৎসক। এরপর বিমান রাঁচিতে জরুরি অবতরণ করলে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় হাসপাতালে। বর্তমানে ওই মহিলার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে খবর। একথায় বলা যায়, সহযাত্রী চিকিৎসকের তৎপরতায় প্রাণ বাঁচল হৃদরোগে আক্রান্ত মহিলার।