নিজস্ব প্রতিনিধি: বিগত কিছুদিন আগে শ্যামনগরের ওয়েভারলি জুটমিলে বেশ কিছু কর্মী ছাঁটাই করেছিলেন মিল কর্তৃপক্ষ। সেলাই বিভাগের ৫০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল বলে জানা গিয়েছে। আর সেই তালিকায় ছিলেন রবি প্রসাদ (৩৬)। কাজ হারানোর পর থেকে চিন্তায় পড়েন তিনি। সেই চিন্তাই ডেকে আনল তার মৃত্যুকে। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হন রবি প্রসাদের।
শ্যামনগরের ওয়েভারলি জুটমিলের সেলাই বিভাগে চাকরি করতেন রবি। গত সপ্তাহে উৎপাদনের ঘাটতি দেখিয়ে জুটমিলের সেলাই বিভাগের ৫০ জন শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেন মিল কর্তৃপক্ষ। চাকরি হারানোর পর থেকেই চিন্তায় পড়ে যান শ্রমিক। কী ভাবে সংসার চালাবেন? তা নিয়ে ভাবনায় পড়ে যান তিনি। সোমবার হৃদরোগে আক্রান্ত হন রবি। এরপর তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রবির মৃত্যুর পর জুটমিলের গেটের সামনে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শ্রমিকরা। পাশাপাশি মৃতের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের দাবি করেন শ্রমিকরা।
মিলের শ্রমিক রোহিত সাউ বলেন, ‘ছয় দিন আগে মিলের সেলাই দফতর থেকে ৫০ জন শ্রমিককে ছাঁটাই করে কারখানা। সে জন্য মানসিক টেনশন থেকে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় রবির। মিল কর্তৃপক্ষ সেলাই বিভাগ বন্ধ করতে চাইছেন বলে এ ভাবে কর্মী ছাঁটাই করা হয়েছে।’