নিজস্ব প্রতিনিধিঃ বাংলা জুড়ে বাড়ছে আলুর দাম । আর এই দাম বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই হুগলির হরিপালে জেলার আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় খুচরো বাজারে বিক্রির জন্য হিমঘর থেকে ২৬ টাকা কেজি দরে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা।
আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের কৃষি বিপণন দফতরের মন্ত্রী বেচারাম মান্না জানিয়ে দিলেন, বৈঠকে আলুর দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। খুচরো বাজারে কোথায় কত দামে আলু বিক্রি হচ্ছে সেইদিকেও নজর রাখব রাজ্য প্রশাসন। তবে বাইরে থেকে আলু আসবে কিনা এই বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রীর তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নভেম্বর মাসে রাজ্য জুড়ে ঊর্ধ্বমুখী আলুর দাম। আর নিয়ে গত বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন , তাঁর নির্দেশ অমান্য করে আলু বাইরে পাঠানো হয়েছিল বলেই জোগান কমে গিয়ে দাম বেড়ে গিয়েছে। এবার থেকে দাম কমাতে বেশি নজর দেবে রাজ্য প্রশাসন। এরপরেই শুক্রবার টাস্ক ফোর্সের বৈঠক ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ। আর সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় দ্রুত ব্যবসায়ীদের দ্রুত আলুর দাম কমাতে হবে। এই নির্দেশের পরেই হরিপালে হুগলি জেলার আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন কৃষি বিপণনমন্ত্রী। সেখানেই বৈঠকে পর সিদ্ধান্ত নেওয়া হয়, হিমঘর থেকে ২৬ টাকা দরে আলু পাঠানো হলে অন্যান্য খরচ ধরে তা কলকাতার খুচরো বাজারে ৩০ টাকাতে বিক্রি হবে।