নিজস্ব প্রতিনিধি: আবারও রাজ্যজুড়ে সবুজ ঝড়ের দাপট। উপ নির্বাচনের(By-Election) ফলাফলেও ছড়িয়ে পড়েছে মমতা-ম্যাজিক। অন্তত এখনও পর্যন্ত যা ট্রেন্ড চলছে তাতে পাল্লা ভারী তৃণমূলেরই(TMC)। গত ১৩ই নভেম্বর পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্র- সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়ায় উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। এদিন শনিবার এই ছয় কেন্দ্রের ফলপ্রকাশ। তবে এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে তৃণমূল। ২০২১ সালের ভোটে এই ৬টি আসনের মধ্যে পাঁচটিতেই জয়ী হয় তৃণমূল। একমাত্র মাদারিহাট বিজেপির দখলে চলে যায়। কিন্তু এবারের উপনির্বাচনে ছয়টি আসনেই বিজয়ী হওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে তৃণমূল।
আরও পড়ুনঃ দাম নিয়ন্ত্রণে ফের ভিন রাজ্যে আলু রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি
সাধারণ মানুষ যে এই দলকে ভরে ভরে আশীর্বাদ করেছে তাতে কোনও সন্দেহ নেই। এখনও পর্যন্ত প্রাথমিক প্রবণতায়, সব আসনেই এগিয়ে তৃণমূল। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে, হাড়োয়ায় ব্যবধান আরও বাড়িয়েছে তৃণমূল। মেদিনীপুরেও একই পরিস্থিতি। সিতাইয়ের তৃণমূল প্রার্থী এগিয়ে যাচ্ছেন আরও বেশি ব্যবধানে। এমনকি মাদারিহাটেও বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে মা মাটি মানুষের দল। নৈহাটির বঙ্কিমাঞ্চলি স্টেডিয়ামে চলছে ভোট গণনা, সেখানের তৃণমূলের জয়জয়কার। তালড্যাংরাতেও একইভাবে অব্যাহত সবুজ ঝড়।
আরও পড়ুনঃ শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ, কিসের টানে নিয়মিত শুটিংয়ে আসেন বাসন্তী চট্টোপাধ্যায়?
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সিতাইয়ে ২৫ হাজারেরও বেশি ব্যবধানে এগিয়ে তৃণমূল। দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে তৃণমূলের ধারেকাছেও নেই বাকি দলগুলি। এই কেন্দ্রে বিজেপি এখনও পর্যন্ত পেয়েছে মাত্র চার হাজারের কিছু বেশি ভোট। হাড়োয়াতেও প্রায় ২২ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। দ্বিতীয় রাউন্ডের গণনার প্রাথমিক প্রবণতা অনুসারে মেদিনীপুরে ৫৮৩৬ ভোটে এগিয়ে তৃণমূল। অর্থাৎ আগামী কয়েক ঘন্টাতেও ট্রেন্ড যে একইরকম থাকবে তাতে কোনও সন্দেহ নেই। ছটি আসনেই ছক্কা হাঁকাবে তৃণমূল, এ যেন তারই পূর্ব-সংকেত।