নিজস্ব প্রতিনিধিঃ গোটা দেশ জুড়ে প্রতিনিয়ত সামনে আসছে ধর্ষণের ঘটনা । এই আবহে এবার গণধর্ষণের শিকার হল এক আইনি ছাত্রী। অভিযোগ উঠেছে তাঁর প্রেমিক এবং তিন পুরুষ বন্ধুর বিরুদ্ধে। শুধু গণধর্ষণই নয় অভিযুক্তরা ওই ছাত্রীকে ব্ল্যাকমেল করত বলে জানা গিয়েছে। আর তারজেরেই সে আত্মহত্যার চেষ্টা করে । এমনই ঘটনা ঘটেছে বিশাখাপত্তনমে।
এই প্রসঙ্গে বিশাখাপত্তনমের পুলিশ জানিয়েছেন, ‘চার অভিযুক্তকেই গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নির্যাতিতার প্রেমিক ও তাঁর তিন ঘনিষ্ঠ বন্ধু।‘ তদন্তে নেমে জানা গিয়েছে, ওই ছাত্রীর সঙ্গে প্রেমিকের একবছরের সম্পর্ক ছিল। গত ১৩ অগস্ট তরুণী তাঁর প্রেমিক এবং বন্ধুদের সঙ্গে ঘুরতে যায়। আর সেখানেই তাকে যৌন নির্যাতন করা হয়। শুধু তাই নয় এই ঘটনার পুরো ভিডিও রেকর্ড করে ছাত্রীকে লাগাতার তাঁরা ব্ল্যাকমেল করা হত । মাসের পর মাস ধরে চলা এই ঘটনা সহ্য করতে না পেরে সে আত্মহত্যার চেষ্টা করে। আর তখনই সামনে আসে পুরো ঘটনা।
পুলিশ সূত্রে খবর, চার অভিযুক্তকে ভারতীয় ন্যায় সংহিতা ধারায় গণধর্ষণ, অপরাধমূলক ভীতি প্রদর্শনসহ তথ্য প্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে বিরোধী ওয়াইএসআর কংগ্রেস পার্টি এই ঘটনার জন্য চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপি সরকারকে দায়ী করেছে।