নিজস্ব প্রতিনিধিঃ কালনার জিউধারা রেলগেট সংলগ্ন এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। উদ্ধার হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মৃতদেহ। জানা গিয়েছে, নিহত ওই ছাত্রীর নাম অঙ্গনা হালদার। প্রতিদিনের মত শুক্রবার মায়ের সঙ্গে কালনা শহরের ইংরেজির এক শিক্ষকের কাছে পড়তে এসেছিল ওই ছাত্রী। টিউশন থেকে বেড়িয়ে সে মাকে ফোন করে বলে, ‘ওরা আমায় বাঁচতে দেবে না’। এই কথাটা বলার পরেই রেলগেট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল ওই ছাত্রীর মৃতদেহ।
পরিবারের তরফে জানান হয়েছে, অঙ্গনা মাত্র সাত সেকেন্ডের জন্য মাকে ফোন করেছিল। তখনই সে জানায়,’ আমায় বাঁচতে দেবে না।‘ তারপরেই আর কোনোরকম যোগাযোগ করা যায়নি ছাত্রীর সঙ্গে। কালনা থানায় নিখোঁজ ডায়রি করে পরিবার। এই ঘটনার পরেই পুলিশ এবং পরিবারের সদস্যরা অঙ্গনাকে খুঁজতে তল্লাশি শুরু করে। এরপরেই কালনা স্টেশন থেকে কিছুটা দূরে তাঁর রক্তাক্ত উদ্ধার হয়। ইতিমধ্যেই পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ আধিকারিক জানিয়েছেন , ‘ স্টেশন চত্বরের একাধিক সিসি টিভি রয়েছে। সেখানে মেয়েটিকে একা ঘুরতে দেখা গেছে। তবে যেখানে ওই মেয়েটির দেহ উদ্ধার হয়েছে সেখানে কোন সিসিটিভি ছিল না। পুরোটাই ধোঁয়াশা রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।‘ তবে এই ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু হয়েছে।