নিজস্ব প্রতিনিধিঃ থানায় ওসির বিরুদ্ধে অভিযোগ তুলে ধর্নায় বসলেন ওই থানারই কর্তব্যরত এক মহিলা সাব ইনস্পেক্টর। বৃহস্পতিবার কলকাতা পুলিশের বন্দর এলাকার নাদিয়াল থানার ওসির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে তিনি ধর্নায় বসেছেন। জানা গিয়েছে, পুলিশ ব্যারাকে ঘর-বণ্টনকে কেন্দ্র করে শুরু হয় মতানৈক্য। আর সেই কারণের এদিন সকাল থেকেই ধর্নায় বসলেন সোমা তরফদার নামে ওই থানায় সাব ইনস্পেক্টর।
অভিযোগ তুলেছেন, সম্প্রতি ছুটিতে গিয়েছিলেন তিনি। সেই সময়েই ব্যারাকে তাঁর ঘর দখল হয়ে গেছে। আর তা নিয়ে ওসির সঙ্গে বাগ্বিতণ্ডাও হয় সোমার। এরপরেই তাঁকে শোকজ করা হয়। ইতিমধ্যেই এ নিয়ে ওসি একটি রিপোর্টও পাঠান কলকাতা পুলিশের ডিসি (বন্দর)-এর কাছে।
থানা সূত্রে খবর, মহিলা পুলিশকর্মীর সংখ্যা তুলনায় কম থাকায় একটি ঘরে একাই থাকছিলেন সোমা তরফদার। তবে এখন মহিলা পুলিশের সংখ্যা বেড়ে যাওয়ায় তাই ওই সাব ইনস্পেক্টরের ঘরেই থাকার ব্যবস্থা করা হয়েছে। আর তা নিয়েই শুরু হয়েছে বিবাদ। এই ঘটনা প্রসঙ্গে এখন নাদিয়াল থানার ওসির তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লালবাজার সূত্রে খবর, ব্যারাকের ঘরগুলিতে একাধিক পুলিশকর্মীর থাকার ব্যবস্থা করা হতে পারে। কেউ একা থাকতে পারবে না। স্থানীয় স্তরে সেই একই নিয়ম কার্যকর হয়ে থাকে।