আন্তর্জাতিক ডেস্ক : হাতে আর কয়েকটা দিন, এরপরেই শুরু হয়ে যাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রচারের সময় হাতে খুব কম রয়েছে। তাই জোরকদমে প্রচার পর্ব শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ফের প্রচারে নামলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রবিবার নির্বাচনী সমাবেশে ট্রাম্প সরাসরি কটাক্ষ করলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে। কমলার বুদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
রবিবার সমাবেশের শুরুতে ট্রাম্প কমলার উদ্দেশ্যে বলেন, ‘প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস খুবই কম আইকিউসম্পন্ন(বুদ্ধির সূচক)।’ অর্থাৎ ট্রাম্প পরোক্ষভাবে বোঝাতে চাইলেন কমলার চাইতে বুদ্ধির দৌড়ে অনেক এগিয়ে তিনি। বক্তব্যের শুরুতে ট্রাম্প সমবেত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, ‘চার বছর আগের চেয়ে কি এখন আপনারা ভালো আছেন?’ এই সময় জনতা সমস্বরে বলে ওঠে, ‘না।’ তখনই ট্রাম্প ফের বলে ওঠেন,তিনি ৫ নভেম্বরের ভোটে জয়ী হলে অপরাধীদের হামলা থেমে যাবে। সবাই নিরাপদে থাকবে বলে প্রতিশ্রুতি দেন ট্রাম্প।
এই সমাবেশে ট্রাম্পের প্রাক্তন ব্যক্তিগত আইনজীবী রুডি জিলিয়ানি বলেন, ইজরায়েল–ফিলিস্তিন যুদ্ধের সময় কমলা হ্যারিস সন্ত্রাসীদের পক্ষ নিয়েছেন। কমলা হ্যারিস ফিলিস্তিনিদের আমেরিকায় নিয়ে আসতে চেয়েছেন।
অন্যদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারের পর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ই–মেইলে জানান, বিপজ্জনক বিভাজন ও অবমাননাকর বার্তা দিয়েছে ট্রাম্প।
আরও পড়ুন : যুদ্ধবাজ বাইডেনের উপরে ক্ষুব্ধ, কমলাকে ধাক্কা দিয়ে ট্রাম্পের পাশে মার্কিন মুসলিমরা