আন্তর্জাতিক ডেস্কঃ সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। আর সেই নির্বাচনে রিপাবিলকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁকে জেতাতে মরিয়া মার্কিন ধনকুবের অর্থাৎ টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। ট্রাম্পের জন্য এখন পর্যন্ত প্রায় ৩৬০ কোটি টাকা ঢেলেছেন মাস্ক। এমনই তথ্য সামনে এনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে মাস্ক পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে (পিএসি) দিয়েছে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এরপর ফের তিনি অক্টোবরের প্রথম ১৫ দিনে ৪ কোটি ৪০ লাখ ডলার দেন পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে। অন্যদিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, ট্রাম্পের প্রচারশিবির চলতি মাসের প্রথমার্ধে বিজ্ঞাপনে ৮ কোটি ৮০ ডলার ব্যয় করেছে। একথায় ট্রাম্পকে জেতাতে খরচ করা হচ্ছে কোটি কোটি টাকা ।
উল্লেখ্য, মার্কিন নির্বাচনে ট্রাম্পকে জেতাতে ইলন মাস্ক পিএসি গ্রুপ তৈরি করে। তাই আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলার সঙ্গে ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই গ্রুপটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বলা বাহুল্য, কমলা হ্যারিসের প্রচারশিবির চলতি মাসের প্রথমার্ধের নির্বাচনী তহবিলের হিসাব এখনো নির্বাচন কমিশনে জমা দেয়নি। তবে জানা গিয়েছে , ট্রাম্পের সঙ্গে পাল্লা দিয়ে কমলাও নির্বাচনের জন্য বিপুল অর্থ ব্যয় করছে।