নিজস্ব প্রতিনিধিঃ কোজাগরী লক্ষ্মী পুজোর বিকেলেই আবহাওয়ার বড় পরিবর্তন। আগামী দু’ ঘণ্টার মধ্যে কলকাতা –সহ ৭ রাজ্যে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বুধবার দুপুরে এমনই আপডেট দিল আবহাওয়া দফতর। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ।
তবে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে হালকা বৃষ্টির কারণে কিছুটা হলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে । কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত অক্ষরেখা বিরাজ করছে । এই দুইয়ের প্রভাবে চলতি সপ্তাহ জুড়েই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়, মূলত উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের আবহাওয়া স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, রবিবার আনুষ্ঠানিকভাবে বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। তবে ঘূর্ণাবর্তের জেরেই বঙ্গে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।