নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার পুনের কাছে বাভধানে পাহাড়ি এলাকায় একটি হেলিকপ্টার আচমকাই ভেঙে পড়ে। আর তাতে প্রাণ হারিয়েছেন ৩ জন। তবে ভেঙে পড়া হেলিকপ্টারটি সরকারি না বেসরকারি তা এখন জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারের মধ্যে ছিলেন দুজন পাইলট ও একজন প্রকৌশলী।
ইতিমধ্যেই হেলিকপ্টার ভেঙে পড়ার ছবি সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ভেঙে পড়ার পর হেলিকপ্টারটিতে আগুন লেগে গেছে। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে পুনের পিম্পরি চিঞ্চওয়াড়ের পুলিশ জানিয়েছে, এদিন সকাল পৌনে ৬টা নাগাদ পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে হেলিকপ্টারটি। এই ঘটনার পর ঘটনাস্থলে প্রাণ হারান তিন জন। তবে কী করে হেলিকপ্টারটি ভেঙে পড়ল তা এখন জানা যায়নি। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
বর্তমানে পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন (পিএমসি) এবং পুনে মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির (পিএমআরডিএ) চারটি দমকল ট্যাঙ্কার ঘটনাস্থলে রয়েছে। সিনিয়র ইন্সপেক্টর কানহাইয়া থোরাট জানান, ‘হেলিকপ্টারটি অক্সফোর্ড গলফ ক্লাবের হেলিপ্যাড থেকে উড্ডয়ন হয়েছিল। এরপরেই বাভধানের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।‘