নিজস্ব প্রতিনিধিঃ তুরস্কে আচমকাই এক হাসপাতালের ছাদের ওপর ভেঙে পড়ল হেলিকপ্টার। আর তাতে এখন পর্যন্ত চারজন প্রাণ হারিয়েছেন বলে খবর । রবিবার তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি হাসপাতালের ছাদের ভেঙে পড়ে হেলিকপ্টার । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশার কারণেই এদিন এই দুর্ঘটনাটি ঘটে।
এই প্রসঙ্গে মুগলা প্রদেশের গভর্নর ইদ্রিস আকবিয়িক জানিয়েছেন, ‘উড্ডয়নের সময় হেলিকপ্টারটি একটি হাসপাতালের চারতলায় আচমকাই ধাক্কা খায়। আর তাতে হুড়মুড়িয়ে হাসপাতালের মধ্যেই ভেঙে পড়ে হেলিকপ্টারটি। এই ঘটনায় দুই পাইলট, এক চিকিৎসক ও এক কর্মী প্রাণ হারিয়েছেন।‘ দুর্ঘটনা প্রসঙ্গে তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, ‘হেলিকপ্টারটি আনতালিয়া শহরে যাওয়ার পথে মুগলা শহরের হাসপাতালে ভেঙে পড়ে। কম দৃশ্যমানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।‘ ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর মাঝ আকাশে তুরস্কের দুটি সামরিক হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল । আর তাতে ছয় সেনা সদস্য নিহত হন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইস্পার্তা প্রদেশে বিমান প্রশিক্ষণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের কয়েকদিনের মধ্যেই ঘটল পুনরাবৃত্তি। বারবার কেন ভেঙে পড়ছে হেলিকপ্টার তা নিয়ে উঠছে নানান প্রশ্ন ।