নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি হামলা ! ঘরে ঢুকে ৭ জন শ্রমিককে নৃশংসভাবে গুলি করে খুন করেছে আততায়ীরা। ঘটনাটি হয়েছে বালুচিস্তান প্রদেশের পঞ্চগুর জেলায়। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলার ডেপুটি কমিশনার। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
পুলিশ অফিসার জাহির আহমেদ বলেন, আততায়ীরা আচমকাই শ্রমিকদের ঘরে প্রবেশ করে গুলি চালায়। এই ঘটনায় ৭ জন মারা গিয়েছে ও ১ জন আহত হয়েছে। হতাহতদের পাঞ্চগুর জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ ও দেহগুলি পঞ্জাবে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনা প্রসঙ্গে এসএসপি ফজিল শাহ বোখারি বলেন, এটা জঙ্গি হামলা।
জানা যায়, নিহত শ্রমিকরা সবাই পঞ্জাবের বাসিন্দা। তাঁরা কর্মসূত্রে পঞ্চগুর জেলার খুদা-ই-আবাদান এলাকায় এক বাড়িতে ভাড়া থাকত। সেখানে মোট ৯ জন শ্রমিক থাকতেন। ঘটনার সময় ঘরে ৮ ছিল। তার মধ্যে ৭ জন মারা গিয়েছেন। মৃত ব্যক্তিরা হলেন সাজিদ, শফিক, ফায়জ, ইফতিখার, সলমান, খালিদ ও আল্লাহ ওয়াশিয়া। মৃতদের দেহে একাধিক গুলি পাওয়া গিয়েছে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সঙ্গে বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতির থেকে ঘটনার রিপোর্ট চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের গোড়া থেকে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলার জন্য সচেষ্ট হচ্ছে প্রশাসন।