নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজোর সময় আপনি কি স্বল্প সময়ে শহরের কোলাহল থেকে দূরে যেতে চান ? সবুজ ঘেরা জঙ্গল, রয়েছে সারি সারি শাল গাছ, সঙ্গে দেখা পাবেন সেগুন ও আকাশমণিও । তার কিছুটা দূরেই বয়ে চলেছে কাঁসাই নদী । পাশেই রয়েছে ইকোপার্কও । যদি এমন নিরিবিলি জায়গায় সময় কাটাতে চান তাহলে চলে আসুন মেদিনীপুর শহর থেকে ১৩ কিমি ভিতরে গুড়গুড়িপাল জঙ্গলে । কপাল ভালো থাকলে শালবনে ঘেরা গুড়গুড়িপাল জঙ্গলে দেখা পেতে পারেন জার্ডনস নাইটজার, জাঙ্গল আওলেট, ইন্ডিয়ান পিট্টার মতো পাখিরও । একই সঙ্গে চক্ষুদর্শন হতে পারে হাতির পালের সঙ্গেও ।
কীভাবে যাবেন গুড়গুড়িপাল জঙ্গল ?
প্রথমে কলকাতা থেকে কোলাঘাট বা ডেবরা হয়ে পৌঁছতে হবে মেদিনীপুর শহরে । সেখান থেকে ধেড়ুয়াগামী রাস্তা ধরে গোপগর পার হয়ে খানিকটা এগোতেই পৌঁছে যাবে গুড়গুড়িপাল জঙ্গলে । কলকাতা থেকে গড়গুড়িপালের দূরত্ব প্রায় ১৫০ কিমি । যেতে সময় লাগে প্রায় ঘণ্টা চারেকের মতো ।
কোথায় কোথায় থাকার জায়গা রয়েছে ?
গুড়গুড়িপাল জঙ্গলের মধ্যে তাঁবুতে থাকতে পারেন । এছাড়া, বেসরকারি নেচার ক্যাম্প রয়েছে । এছাড়া, মেদিনীপুর শহরে ছোট-বড় বিভিন্নরকম হোটেল রয়েছে ।
কী কী ঘুরে দেখতে পারেন ?
গুড়গুড়িপাল জঙ্গল লাগোয়া বিখ্যাত গ্রাম পাথরা মন্দির ঘুরতে পারেন । জঙ্গল থেকে ৪০ কিমি দূরে ঝাড়গ্রামের রাজবাড়ি, কনক দুর্গার মন্দির দেখতে পারেন । কর্ণগড় মহামায়া মন্দির, মেদিনীপুরের অ্যানিকেট জলাধার ও বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গনগনিতেও যেতে পারেন ঘুরতে ।