নিজস্ব প্রতিনিধিঃ ফের আক্রান্ত হলেন পুলিশ কর্মী। এবার বিশ্বকর্মা পুজোর রাতে মাইক বন্ধ করাতে গিয়ে আক্রান্ত হতে হল পুলিশ কর্মীকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। অভিযোগ উঠেছে, বুধবার রাতে রাজ্যের ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সের হেডকোয়ার্টারে লাউড স্পিকারে বাজছিল মাইক। আর সেই মাইক বন্ধ করতে গিয়ে আক্রান্তের শিকার হতে হল দুর্গাপুর কোকওভেন থানার এএসআই সঞ্জয় ঘোষকে।
আক্রান্ত অবস্থায় ওই পুলিশ কর্মীকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। আর এই ঘটনার পর দুর্গাপুর পুলিশ রাজ্যের ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সের চার কর্মী সহ ৮ জনকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে। তাদের এদিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তদের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
এই ঘটনা প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় জানিয়েছেন, ‘ এনভিএফ হেডকোয়ার্টারের বাউন্ডারিতে প্রচণ্ড জোরে লাউড স্পিকার বাজানো হচ্ছিল। পুলিশ পৌঁছতেই মদ্যপ অবস্থায় তাঁদের ওপর হামলা চালায় এনভিএফএর কর্মীরা। তাতেই গুরুত্বর জখম হন দুর্গাপুর কোকওভেন থানার এএসআই সঞ্জয় ঘোষ। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত শীতল দাস, যোগেশ্বর গড়াই, নোরমান মিঁয়া, মনসারাম সোরেন, বিবেক রায়, সুদীপ্ত রায়, চন্দন লোহার ও দেবদাস কুণ্ডুকে গ্রেফতার করা হয়েছে।‘