নিজস্ব প্রতিনিধি: আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে আইএসএল। চারিদিকে যখন আইএসএল নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সেই মুহুর্তে আনোয়ার আলি-কে নিয়ে বেশ চিন্তিত ইস্টবেঙ্গল। চারমাসের জন্য নির্বাসন দেওয়া হয়েছে আনোয়ারকে। আর সেই নির্বাসনকে স্থগিত রাখার জন্য এবারে আদালতের দ্বারস্থ হল লাল-হলুদ দল। জানা যাচ্ছে দল নাকি ফেডারেশনের কাছেও আপিল করবে। তবে পুরো বিষয়টা অনেকটা দীর্ঘ ও সময় সাপেক্ষ হওয়ার কারণে আনোয়ারের যাতে খেলতে অসুবিধা না হয় সেই জন্যই আদালতের দ্বারস্থ হয়েছে ইস্টবেঙ্গল।
এই বছরের আইএসএলের মরশুমে শনিবার প্রথমবার মাঠে নামবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ থাকবে বেঙ্গালুরু। যদিও ফে়াডারেশন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, লোন চুক্তি বাতিল করে দেওয়ার জন্য আনোয়ারকে চার মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। এখানেই শেষ নয়। এর পাশাপাশি ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এবং আনোয়ারকে ১২.৯০ কোটি টাকা জরিমানা দিতে হবে মোহনবাগান ক্লাবকে। যা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের কাছে।
লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার জানান, “এই বিষয়ের উপর বিস্তারিত জানাতে ফে়ডারেশনের ১০ দিন সময় লাগবে। তার পরে আমরা ফেডারেশনকে পিটিশন দেব। তবে এই কয়দিন যাতে আনোয়ার খেলতে পারে সেই ব্যপারে স্থগিতাদেশ চাওয়া হয়েছে।” আজকে যদি শুনানি হয় এবং তাতে যদি স্থগিতাদেশ পায় আনোয়ার তাহলে বেঙ্গালুরুর বিপক্ষে লাল-হলুদ জার্সি গায়ে দেখা যেতে পারে আনোয়ারকে।