নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। সুপ্রিম কোর্ট স্বতঃস্ফূর্তভাবে এই ঘটনা নিয়ে শুনানি করেছে। মঙ্গলবার আরজি কর মামলার শুনানিতে একাধিক বিষয় নিয়ে পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় দেশের প্রধান বিচারপতির বেঞ্চ। আর তখনই আরজি করে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েনের নির্দেশ দেয় শীর্ষ আদালত। এই নির্দেশের পরেই হাসপাতালে পৌঁছয় সিআইএসএফ।
সুপ্রিম কোর্টের তরফে জানান হয়েছে চিকিৎসকরা যাতে কাজে যোগ দিতে পারে সেইজন্য এই সিদ্ধান্ত । এত দিন আরজি করে নিরাপত্তা দিচ্ছিল পুলিশ, এবার আরজি করের নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে ১৪ অগস্ট ‘ রাত দখল’ কর্মসূচীর দিন আরজি করের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের শুনানিতে বিষয়টি উত্থাপিত করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আর এই ঘটনার কথা শুনেই প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা কিছুতেই বুঝতে পারছি না স্বাধীনতা দিবসের দিন রাজ্য কী ভাবে হাসপাতাল ভাঙচুর করতে দিল? তা নিয়ে আমরা বেশ চিন্তিত।‘
উল্লেখ্য, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর এদিন জাতীয় টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট। আর এই টাস্ক ফোর্স গোটা দেশে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করবে।শুধু তাই নয় কী কী পদক্ষেপ করা উচিত, সেই নিয়ে নিজেদের মতামত জানাবে এই টাস্ক ফোর্স। পাশাপাশি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সব হাসপাতাল, মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশও দিয়েছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২২ অগস্ট ফের এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।