নিজস্ব প্রতিনিধি: আরজি করের তরুণী চিকিৎসকের খুন নিয়ে গোটা দেশ উত্তাল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে হঠাতে আস্তিন গুটিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি-সিপিএম-কংগ্রেস-নকশাল সহ একাধিক রাজনৈতিক দল। প্রচারমাধ্যমে মুখ দেখাতে আসরে নেমে মমতার বাপ-বাপান্ত করছে তথাকথিত অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে স্বঘোষিত বুদ্ধিজীবীরা। প্রতিদিনই পালা করে রাস্তায় নেমে চলেছে সুবিধাবাদী, প্রচারলোভীরা। কার্যত এককভাবেই সব ষড়যন্ত্র আর অপপ্রচারের বিরুদ্ধে লড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরজি কর কাণ্ড নিয়ে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা। তিনি খুব ভাল করেই বোঝেন, একজন মহিলার যন্ত্রণা। তিনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন। সরকারই চেয়েছে সিবিআই বা অন্য কোনও এজেন্সি এই বিষয়টির তদন্ত করুক।’ বিজেপির তরফ থেকে আরজি কর কাণ্ড নিয়ে ঘোলা জলে মাছ ধরার যে চেষ্টা চলছে তার সমালোচনা করে সপা সুপ্রিমো বলেন, ‘বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত। সুরক্ষার অভাব বোধ করছেন। হাথরস-উন্নাওয়ের মতো লজ্জাজজনক ঘটনা ঘটেছে। তাই বিজেপির এই নিয়ে রাজনীতি করা উচিত নয়।’
গত কয়েকদিন ধরেই আরজি কর কাণ্ড নিয়ে গেল-গেল রব তুলেছে বিজেপি-সিপিএম সহ তৃণমূল বিরোধী দলগুলি। ‘রাতের দখল’ নামে এক মহা তামাশাও মঞ্চস্থ হয়েছে। বাম জমানায় পুলিশ ও প্রশাসনে দায়িত্ব পালনকারী বামসেবকরাও বিজেপিপন্থী টিভি চ্যানেলগুলিতে বসে রাজ্য সরকারের মুণ্ডপাত করছেন।