নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমান(Purba Burdwan) জেলার উন্নয়নে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার একাধিক পদক্ষেপ করেছে। সেই সব উন্নয়নের ছোঁয়া থেকে বাদ যায়নি একসময়কার বামদুর্গ বর্ধমান শহরও(Burdwan Town)। এবার সেই বর্ধমান শহরকে উন্নয়নের পথে আরও একধাপ এগিয়ে দিতে চায় রাজ্য সরকার। নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে, রাজ্যে কয়েকটি শহরকে পুরনিগমে(Municipal Corporation) উন্নিত করার জন্য নগরোন্নয়ন দফতরে যা তালিকা তৈরি করা হয়েছে তার মধ্যে নাম আছে বর্ধমান শহরেরও। সেই সূত্রে বর্ধমান পুরসভাকে এবার বর্ধমান পুরনিগমে পরিণত করার প্রক্রিয়া সরকারি ভাবে শুরুও হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে এই মর্মে কোনও ঘোষণা এখনও রাজ্য সরকারের তরফে করা হয়নি, আর খুব দ্রুত তা করা হবেও না। কেননা মুখ্যমন্ত্রী চাইছেন, বর্ধমানে পুরনিগমের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে তবেই এই বিষয়ে ঘোষণা করা হোক। সেই ভাবেই কাজ এগোচ্ছে।
আরও পড়ুন, আরজি কর কাণ্ডে মৃত তরুণী চিকিৎসক পড়ুয়ার বাড়িতে মুখ্যমন্ত্রী
জানা গিয়েছে, ৩৫টি ওয়ার্ড বিশিষ্ট বর্ধমান পুরসভায় এখন জনসংখ্যা ৬ লক্ষ অতিক্রম করেছে। ২০১১ সালের জনশুমারিতেই এই শহরে ৩ লক্ষের বেশি জনসংখ্যা ছিল বলে উঠে এসেছে। এখন তা ৫ লক্ষ অতিক্রম করে প্রায় ৬ লক্ষ ছুঁইছুঁই। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরসভা থেকে পুরনিগম হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। তার সবগুলিই বর্ধমানের রয়েছে। বিশেষ করে জনসংখ্যার দিক থেকে রাজ্যের অন্যান্য পুরসভা এলাকাগুলিকে রীতিমত টেক্কা দিয়েছে বর্ধমান। বর্ধমান শহরে লোকসংখ্যা অনেক বেড়ে গিয়েছে। নতুন নতুন কলোনি তৈরি হয়েছে। শহর লাগোয়া পঞ্চায়েতগুলিও রীতিমত শহরের চেহারা নিয়েছে। ওইসব এলাকার বাসিন্দারা খাতায়কলমে পঞ্চায়েতে থাকলেও শহরের সমস্ত পরিষেবা পান। উন্নত রাস্তা, পথবাতি সহ সমস্ত পরিষেবা রয়েছে। গ্রামীণ এলাকাগুলিতে বহুতল গড়ে উঠছে। জমির দামও সেখানে আকাশছোঁয়া। শহরের আয়তনও কোনও অংশে কম নয়। বিভিন্ন খাত থেকে আয়ও ভালো হয়। এই সমস্ত দিক বিচার করেই বর্ধমানকে রাজ্য সরকার পুরনিগমে উন্নিত করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন, আর জি কর কাণ্ডে পুলিশের বার্তা আন্দোলনকারীদের, ‘ভরসা রাখুন’
বর্ধমান শহরের তিনকোনিয়া এলাকায় প্রস্তাবিত বর্ধমান পুরনিগমের জন্য একটি নতুন পুরভবন তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। কতগুলি বোরো অফিস হবে সেটাও ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই। প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছে, বর্ধমান শহরের ৩৫টি ওয়ার্ডের সঙ্গে শহরের আশেপাশে থাকা শহুরে গ্রাম পঞ্চায়েত এলাগুলিও যোগ করে বর্ধমান পুরনিগম গড়ে তোলা হবে। প্রস্তাবিত পুরনিগমে ওয়ার্ডের সংখ্যা হবে ৩৫ থেকে ৪০’র মধ্যে। সেই হিসাবে শহরে ৪টি বরো থাকতে পারে। ইতিমধ্যেই সেই সব বরো অফিস নির্মাণের জন্য জায়গা খোঁজার কাজও শুরু হয়ে গিয়েছে। এখন বর্ধমান শহরের আশেপাশে যে সব শহুরে গ্রাম পঞ্চায়েত এলাকা আছে সেই সব এলাকা প্রস্তাবিত পুরনিগমের আওতায় এলে ওই এলাকাগুলির আরও বেশি উন্নয়ন সম্ভব হবে। পাশাপাশি সামগ্রিক ভাবে বর্ধমান শহর এলাকার উন্নয়নের জন্য যেমন কেন্দ্র ও রাজ্য থেকে অনেক বেশি টাকা পাওয়া যাবে, তেমনি সেখানকার পরিকাঠামোও দ্রুত উন্নত করা সম্ভব হবে।