নিজস্ব প্রতিনিধিঃ সামনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড। তারআগে ব্যাটিংয়ের সময় চোটে পড়ে মাঠ ছাড়তে হল ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। রবিবার দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচে নর্দার্ন সুপারচার্জার্সের ব্যাটিংয়ের সময় আচমকাই তিনি চোট পান। আর তাতেই প্রশ্ন উঠছে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে কী নামতে পারবেন বেন স্টোকস?
জানা গিয়েছে সোমবার তাঁর স্ক্যান করা হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে তিনি আদৌ টেস্ট সিরিজ খেলতে পারবেন কিনা। রবিবার ১৫৩ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল সুপারচার্জার্স । তখনই রান তাড়া করার সময় দ্রুত সিঙ্গেল চুরি করার পর স্টোকস আহত হয়েছিলেন। মাঠে পড়ে গিয়ে গ্লাভস খুলে ফেলেন। দলের ফিজিও ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন এরপর তাঁকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, আগামী ২১ অগস্ট থেকে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। আর তারআগেই স্টোকসের এই অসুস্থতায় বড় ধাক্কা খেল ইংল্যান্ড। বলা বাহুল্য, এমনিতে লম্বা সময় ধরে হাঁটুর চোটে ভুগছিলেন স্টোকস। এরপর অস্ত্রোপচারও করান। এরআগে অসুস্থতার জন্য তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেননি। এই আবহে ফের শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে অসুস্থ হয়ে পড়লেন স্টোকস। আর তাতে চিন্তায় পড়েছে ইংল্যান্ড।