নিজস্ব প্রতিনিধিঃ ঘুষ হিসাবে পুলিশের টাকা চাওয়ার ঘটনা এখন অতীত। এবার সামনে এল এক অন্য তথ্য। ঘুষ হিসাবে চাওয়া হল পাঁচ কেজি আলু। এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজে। সেখানেই কর্মরত এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।
জানা গিয়েছে, রাম কৃপাল সিং নামে এক ব্যক্তি মামলা নিষ্পত্তির জন্য সাব – ইন্সপেক্টরকে অনুরোধ করছিল । আর সেই সময় পুলিশ কর্মী ওই ব্যক্তির কাছে ঘুষ হিসাবে ‘পাঁচ কেজি ‘ আলু চান। ইতিমধ্যেই এই ঘুষ চাওয়ার অডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে শোনা গিয়েছে ,অভিযুক্ত পুলিশকর্মী ঘুষ হিসাবে এক কৃষকের কাছে ৫ কেজি চাইছে। প্রথমে ওই কৃষক ২ কেজি আলু দিতে চান । এরপর জোর দেওয়া হলে শেষ পর্যন্ত ৩ কেজি আলু দিতে রাজি হন কৃষক।
এই ঘটনা ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে ওঠে পুলিশ। কনৌজের এসপি অমিত কুমার আনন্দ সৌরিখ থানার অন্তর্গত ভাওয়ালপুর চাপুন্না চৌকিতে কর্তব্যরত সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, এই ঘটনার জন্য কনৌজের সার্কেল অফিসার কমলেশ কুমারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।