নিজস্ব প্রতিনিধি, পটনা: বিয়ে করতে এসে অপহৃত বর। ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জ জেলার নগর থানার অন্তর্গত সাধু চক এলাকায়। একেবারে ছাদনাতলা থেকে অপহরণ করা হয় তাঁকে। শনিবার রাত ২টোর দিকে এই ঘটনাটি ঘটে। বরকে নিয়ে যাওয়ার আগে কনে এবং তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে মারধর করা হয়। বিয়েরবাড়িতে চালানো হয় যথেচ্ছ লুটপাট। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে বরকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বিয়েকে আরও বেশি উপভোগ্য করে তোলার জন্য একটি নাচের দল ভাড়া করে আনা হয়েছিল। তারাই এই কাজ করেছে বলে অভিযোগ।
নগর থানার সাধু চকের বাসিন্দা সুরেন্দ্র শর্মার মেয়ের বিয়ে। তাই বরযাত্রী আসে বৈকুণ্ঠপুর থানার দিঘোয়া দুবাউলি থেকে। বিয়ের অনুষ্ঠানে আনন্দ বৃদ্ধির জন্য একটি নাচের দল ভাড়া করা হয় । নাচ-গানের সময় কোনও বিষয় নিয়ে কনে পক্ষের সঙ্গে ঝগড়া শুরু হয় তাদের। বাকবিতন্ডা হাতাহাতির রূপ নিতে খুব বেশি সময় লাগেনি।
অভিযোগ হাতাহাতির সময় নাচের দলের কয়েকজন সদস্য কনের ঘরের কাছে গিয়ে ভেতরে থাকা লোকজনকে মারধর করে। কনে, তাঁর মা সহ অনেকেই আহত হন এমন আকস্মিক হামলায়। হামলাকারীরা ঘরে ঢুকে গয়না ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে নিয়ে যায়। লুটপাট করে যাওয়ার সময় মণ্ডপে বসে থাকা বরকেও মারধর করে নিজেদের সঙ্গে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ যতক্ষণে পৌঁছায় ততক্ষণে অভিযুক্তরা হাওয়া। বর এখনও নিখোঁজ। স্বভাবতই ভেঙে পড়েছে কনে ও বরের বাড়ির লোকজন।
এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিয়েবাড়ির পরিবেশ পরিণত হয় শোকে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে বরকে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে।