নিজস্ব প্রতিনিধিঃ ২১ জুলাই প্রতিবছরের মত এই বছরও শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় ‘শহিদ দিবস’-এর আয়োজন করেছে তৃণমূল-কংগ্রেস। আর এই বিশেষ দিনে যোগদান করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এদিন মমতার সঙ্গেই সভাস্থলে তিনি প্রবেশ করেন। জয়ধ্বনি দিয়ে তাঁদের অভ্যর্থনা জানানো হল মঞ্চে। অখিলেশকে সংবর্ধনা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২১ জুলাই মঞ্চে উঠে অখিলেশ মমতার প্রশংসা করে শুরু করেন বক্তৃতা । তিনি বলেন, ‘ নেতা এবং কর্মীদের সম্পর্কই দলকে মজবুত করে। সব দলের ভাগ্যে এ রকম প্রাণ দেওয়া কর্মী মেলে না। মমতার কাছে এ রকম কর্মী রয়েছে।‘ এদিন একুশের বিধানসভা ভোটের আগে ভাঙা পায়ে তৃণমূল সুপ্রিম প্রচার নিয়েও প্রশংসা করলেন সমাজবাদী পার্টির নেতা। তিনি বলেন, ‘ পায়ে প্লাস্টার নিয়েই কর্মীদের জন্য লড়েছিলেন। সেই সময় দুটো লাইন বলেছিলাম, একজন একা লড়ছেন, এগিয়ে যাচ্ছেন। কম নেতা রয়েছেন, যাঁরা প্রাণ বাজি রেখে লড়াই করেন। ‘
এর পরই অখিলেশ দিল্লির ষড়যন্ত্রের কথায় চলে যান। জানান, ‘ সাম্প্রদায়িক রাজনীতি চলছে। আপনাদের মতো মানুষ দিদির পাশে থাকলে, তিনি সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে পারবেন। ‘ বক্তব্যের শেষে ফের একজোট হওয়ার ডাক দিলেন অখিলেশ। তিনি বলেন,’ দিল্লির সরকার বেশি দিন টিকবে না। পড়ে যাবে। এই রাজ্যের মানুষ ও অন্য রাজ্যের মানুষ বর্তমান কেন্দ্রীয় সরকারকে উচিত শিক্ষা দেবে। আমি আশা করছি, এই রাজ্য়ের মানুষ আমাদের সঙ্গে থাকবে। ‘ একথায় এদিনের ২১ জুলাই শহিদ মঞ্চে তৃণমূল সুপ্রিম ঢালাও প্রশংসা করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
উল্লেখ্য, সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। একে অপরকে দিদি-ভাই বলে সম্মোধন করেন । তাই গত উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের অখিলেশ যাদবের সমর্থনে প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিম। এই আবহে মমতার ডাকে সাড়া দিয়ে একুশে জুলাই মঞ্চে উপস্থিত হন অখিলেশ যাদব। আর তাঁর এদিনের উপস্থিতি একুশে জুলাইকে সর্বভারতীয় চেহারা দিয়েছে তা বলাই বাহুল্য।