আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ বোমা বিস্ফোরণ । নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে স্থানীয় সময় শনিবার আচমকাই বোমা হামলা চালায় বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। আর তাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৮ জন। আহত হয়েছেন ৩০ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, সন্দেহভাজন বোমা হামলাকারীরা গোওজা শহরের একটি বিয়ে, শেষকৃত্য এবং একটি হাসপাতালে হামলা চালিয়েছে। তাতে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এই ঘটনায় নিহতদের তালিকার মধ্যে রয়েছে শিশু, প্রাপ্তবয়স্ক এবং গর্ভবতী নারীরা। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার কথা ভেবে সেনাবাহিনীর তরফে কারফিউ জারি করা হয়েছে।
বোর্নো রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মহাপরিচালক বারকিন্দো সাইদু জানিয়েছেন,’ আত্মঘাতী বোমা হামলার জেরে পেট ফেটে গেছে, কারুর আবার অঙ্গপ্রত্যঙ্গ ভেঙে গিয়েছে । এই হামলার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি।‘বোর্নো রাজ্য পুলিশ এই ঘটনা নিয়ে এখন কোন মন্তব্য করেনি। বলা বাহুল্য, এই বোমা হামলার ঘটনা প্রথম নয়। এরআগে ২০১৪ সালে চিবোক শহর এবং বোর্নো রাজ্য থেকে ২৭০ জনের বেশি স্কুলছাত্রীকে অপহরণের পর বিশ্বজুড়ে আলোচনায় আসে বোকো হারাম। তবে এই ঘটনার পর নাইজেরিয়ার সামরিক বাহিনী জঙ্গিদের সক্ষমতা কমিয়েছে। তবে বোর্নোতে আত্মঘাতী হামলার সঙ্গে কারা যুক্ত রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন।