নিজস্ব প্রতিনিধি : অষ্টাদশ লোকসভায় স্পিকার পদে এনডিএ-এর প্রার্থী হলেন ওম বিড়লা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপরই তাঁর স্পিকার হওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়। বেলা সাড়ে এগারোটা নাগাদ অধ্যক্ষ পদে মনোনয়ন জমা দেন তিনি। উল্লেখ্য, এর আগে সপ্তদশ লোকসভায় অধ্যক্ষের পদ সামলেছেন বিজেপির এই সাংসদ।
গত ২৪ জুন থেকে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর পরেই কে পরবর্তী স্পিকার হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। এরপর মঙ্গলবার ওম বিড়লা দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। এই সাক্ষাতের পরই ওম বিড়লার ফের স্পিকার পদপ্রার্থী হওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়। জানা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে এদিনই স্পিকার পদপ্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিতে পারেন ওম বিড়লা। নিয়ম অনুসারে, লোকসভায় সাংসদদের ভোটদানের ভিত্তিতে স্পিকার নির্বাচিত হন। সেই হিসাবে বিজেপির একার লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই। বিজেপির হাতে রয়েছে ২৪০টি আসন। ওম বিড়লাকে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোট পেতে তেলুগু দেশম পার্টি ও জনতা দল ইউনাইটেডের ওপর নির্ভর করতে হবে।
স্পিকার পদ নিয়ে যাতে বিরোধীদের সঙ্গে যাতে কোনও মতানৈক্য তৈরি না হয় সেজন্য বিজেপির তরফে জোর তৎপরতা দেখা দেয়। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও কিরণ রিজিজু যোগাযোগ করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে। খাড়গের সঙ্গে দেখা করে স্পিকার পদপ্রার্থী নিয়ে সহমত পোষণের আর্জি জানান তাঁরা। খাড়গে ছাড়াও বিরোধী দলের অন্যান্য নেতাদের সঙ্গেও কথা বলেন রাজনাথ সিং।
এদিকে বিরোধী ইন্ডিয়া জোট সূত্রে জানা যাচ্ছে, খাড়গে ইতিমধ্যে ইন্ডিয়া জোট শরিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলা শুরু করেছেন। ইন্ডিয়া জোটের থেকে স্পিকার পদে কোনও প্রার্থী নাও দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ডেপুটি স্পিকার করার ব্যাপারে আগ্রহী ইন্ডিয়া জোট।