নিজস্ব প্রতিনিধিঃ ভাঙড়ে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তদের চিহ্নিত করে ভাঙড় পুলিশ । ইতিমধ্যেই মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দু’জন অভিযুক্তকে বারুইপুর আদালতে তুলে নিজেদের হেফাজত নেওয়ার আবেদন জানানো হবে।
রবিবার গণপিটুনির শিকার মৃত ওই ব্যক্তির নাম আজগর মোল্লা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকার বাসিন্দা আজগর। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ভাঙড় বাজার এলাকায় কিছু লোক আজগরকে ধরে। এরপর তাঁকে চোর সন্দেহে প্রথমে বেঁধে রাখা হয় ও মারধর করে । এরপর গুরুত্বর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
গত কয়েকদিন ধরে ভাঙড় বাজার এলাকায় চুরির ঘটনা বেড়ে গিয়েছিল। রাতে পাহাড়ার বন্দোবস্ত করা হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। পাহাড়াদার চলে গেলে ফের চুরি হত। এরফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। এই প্রেক্ষাপটেই রবিবার গণপিটুনির ঘটনা ঘটে। এই ঘটনা প্রসঙ্গে ডিসি সৈকত ঘোষ জানান, আজগরের দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ করা হবে।