নিজস্ব প্রতিনিধিঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন । আর সেই নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বিশেষ নজর রাখতে চলেছে রাজ্যের শাসকদল। এবার সব বিধায়কদের নিজের নিজের এলাকায় ভোটার তালিকার ওপর নজর রাখার নির্দেশ দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । বলা বাহুল্য, একদিন আগেই বাংলায় ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করার বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন শোভনদেব বলেন,’ নাম নথিভুক্ত হবে না অনলাইন মাধ্যমে। বাংলায় চলবে না হরিয়ানা বা মহারাষ্ট্র মডেল। আমরা আমাদের রাজ্যে সতর্ক আছি। দলগত ভাবেও কড়া নজরদারি শুরু হয়েছে। এক-দু’দিনের মধ্যে এই নিয়ে মিটিং ডাকছি আমি।’
উল্লেখ্য, বুধবার অনলাইনে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের আনলাইনে ভোটার তালিকায় নাম তোলার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট রয়েছে। নির্বাচন কমিশন কেন্দ্ৰীয় বাহিনী দিয়ে ভোট করাবে। অনলাইনে ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় ঢোকানো হবে। যাতে তারা এসে ভোট দিতে পারে। কিন্তু বাংলা এই চেষ্টাকে রুখে দেবে।’ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই ভুয়ো ভোটার কার্ড নিয়ে জেলায় জেলায় পাঠান হচ্ছে নির্দেশিকা ।