নিজস্ব প্রতিনিধি, সাঁইথিয়া : ভাঙড়, ইংরেজবাজারের পর সাঁইথিয়ায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি। বীরভূমের সাঁইথিয়ায় মাথায় গুলি করে খুন করা হল তৃণমূলের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে। বাড়ি থেকে ১ কিমি দূরে গুলি করে খুন। সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি ছিলেন তিনি। এই ঘটনায় দুই মহিলা সহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, রাত বারোটা নাগাদ পীযূষ ঘোষের কাছে একটি ফোন আসে। সেই ফোন পেয়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। বাড়ির থেকে এক কিলোমিটার দূরেই তাকে মাথা লক্ষ্য করে গুলি করা হয়। জানা গিয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পীযূষ ঘোষকে গুলি করা হলে সেই গুলি মাথার সামনে দিয়ে বেরিয়ে আসে। রাজনীতির কারণেই এই খুন বলে অভিযোগ করেছেন নিহত অঞ্চল সভাপতির স্ত্রী। দোষীদের চরম শাস্তির দাবী জানিয়েছেন তিনি।
নিহতের স্ত্রী জানিয়েছেন, বারবার রাজনীতিতে যেতে না করেছিলেন। কিন্তু সেই বারণ শোনেননি। পদ ছেড়ে দেওয়ার জন্য চাপ আসছিল। কারণেই খুন হয়েছেন কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের এক আত্মীয় জানিয়েছেন, একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছিল পীযূষ ঘোষকে। বাড়ির দরজায় সাবধান করে চিরকুটে লেখা হয়েছিল। কিন্তু কারা এই ঘটনা ঘটিয়েছিল তা জানা যায়নি।
পর পর কয়েকদিনে রাজ্যে খুন ৩ তৃণমূলকর্মী। কখনও কর্মসূচি থেকে ফেরার পথে, কখনও বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে খুন করা হয়েছে। ভাঙড়ের তৃণমূলকর্মী খুনে অভিযুক্তরা এখনও অধরা। তারমধ্যে ফের আরও এক তৃণমূলকর্মীকে খুন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।