নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর : লরির ধাক্কায় মৃত্যু নাবালিকার। কৃষ্ণনগরে ইটলায় লরির ধাক্কায় মৃত্যু হয়েছে রিয়া বিশ্বাস নামে ওই নাবালিকার।এই ঘটনায় কৃষ্ণনগরের ইটলায় তুলকালাম। এই ঘটনার জেরে ঘাতক লরিতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।দমকলের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, রবিবার সকালে পথ দুর্ঘটনায় ছাত্রী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত জনতা লরিতে আগুন ধরালো নদিয়ার ১২ নম্বর জাতীয় সড়কে। এদিন কৃষ্ণনগর কোতোয়ালি থানার ইটলে ১২ নম্বর জাতীয় সড়কের ওপর নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে পিষে দেয় ঘাতক লরি। বাড়ি থেকে পড়তেগিয়েছিল সে। পড়া থেকে বাড়ি ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। উত্তেজিত জনতা ঘাতক লরিতে আগুন লাগিয়ে দেয়।। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং দমকল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রিয়া বিশ্বাস ও তাঁর বন্ধু রাস্তা পার হচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় আচমকাই একটি লরি ছুটে এসে পিষে দেয় রিয়াকে। সঙ্গে যে ছিল সে ছিটকে পড়ে। তাঁর সামান্য আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরেই ছুটে আসে পথচলতি মানুষ ও স্থানীয়রা। দুর্ঘটনার পর ঘাতক লরির চালক এবং খালাসি পালিয়ে যায়। তারপরেই উত্তেজিত জনতা লড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে পাশাপাশি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
পুলিশও ঘাতক লরির চালক ও খালাসির খোঁজে শুরু করেছে তল্লাশি। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।