নিজস্ব প্রতিনিধিঃ মহা সমারোহে পালিত হচ্ছে মা সারদার ১৭২তম জন্মতিথি। রবিবার মায়ের আশীর্বাদ পেতে সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ছে বাঁকুড়ার জয়রামবাটি, কামারপুকুরে। সেইসঙ্গে হাওড়ার বেলুড় মঠেও ভিড় করছেন বহু ভক্তরা। রীতি মেনে এদিন ভোর ৪:৪৫ মিনিটে বেলুড়ে মঙ্গলারতির মধ্যে দিয়ে সূচনা হয়েছে মায়ের জন্মদিনের পুজো-উদযাপন। সেইসঙ্গে রাস্তায় বেরিয়েছে বিশেষ শোভাযাত্রা ও প্রভাতফেরি। এরপরেই দিনভর নানা অনুষ্ঠান চলবে।
এই পবিত্র দিনে উৎসবে সামিল হতে শুধু এ রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও অসংখ্য পূণ্যার্থীরা আসেন কামারপুকুর এবং জয়রামবাটিতে । একই ছবি দেখা যায় বেলুড় মঠেও। একথায় বলা যায় সারদা দেবীর ১৭২তম জন্মতিথি উদযাপনে মহাসমারোহে চলছে পুজো। সেইসঙ্গে হবে স্তবগান, ভজন, মাতৃ সংগীত, পদাবলী, কীর্তন, গীতিনাট্য, বাউল গান ।
উল্লেখ্য বেলুড়ে মায়ের মন্দিরে এদিন হবে বিশেষ হোম ও পুজো। বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত হবে প্রসাদালয় থেকে প্রসাদ বিতরণ। সন্ধ্যারতি ও ভজনের মধ্যে দিয়ে এদিন সন্ধ্যায় মায়ের জন্মদিনের পরিসমাপ্তি হতে চলেছে বেলুড়ে । অন্যদিকে চলতি বছর জয়রামবাটিতে প্রথম মা সারদা মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারের উদ্যোগে, আমোদর নদের তীরে ২০ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা।