নিজস্ব প্রতিনিধি : বেআইনি নির্মাণ রুখতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের গায়ে হাত।মার খাওয়ার অভিযোগ তুললেন তৃণমূল কাউন্সিলর। এই ঘটনায় অভিযুক্ত হিসাবে মহাদেব মণ্ডল নামে একজনের নাম উঠে এসেছে।ইতিমধ্যেই তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে তমলুকের ১৭ নম্বর ওয়ার্ডে। অলোক সাঁতরা নামের ওই তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, সরকারি জায়গা দখল করে অবৈধ ভাবে দোকান নির্মাণ হচ্ছিল।সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি।সঙ্গে তার ছেলেকেও নিয়ে যান। কিন্তু ঘটনাস্থলে তদারকি করতেই তৃণমূল কাউন্সিলর অলোক সাঁতরা ও তাঁর ছেলেকে বেধড়ক মারধোর করা হয়। হুমকিও দেওয়া হয় তাদের।
এই নিয়ে কাউন্সিলর অলোক সাঁতরা জানান, ‘মহাদেব মণ্ডল ওখানে অবৈধভাবে দোকান তৈরি করছে। আমি না করায় আমাকে মারতে শুরু করল। ছেলে এগিয়ে গেলে ওকেও মারে।’ অন্যদিকে কাউন্সিলরের দাবি নাকচ করেছেন মহাদেব মন্ডল।
এই নিয়ে মহাদেব মন্ডল জানিয়েছেন,কাউন্সিলরের ছেলেই প্রথমে হইচই শুরু করেন। কাউন্সিলরও তার দিকে তেড়ে আসেন। তিনি প্রথম থেকেই চুপচাপ ছিলেন। এই বিষয়ে তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায় জানান, পুলিশ সবটা খতিয়ে দেখছে। তদন্ত শুরু হয়ে গিয়েছে।
এই নিয়ে কাউন্সিলরের ছেলে অর্ঘ্যদীপ সাঁতরা জানিয়েছেন, পুরসভার জায়গায় বেআইনি নির্মাণ হচ্ছিল। তা আটকাতে কাউন্সিলরকে নির্দেশ দেন চেয়ারম্যান। বাবার সঙ্গে তিনিও গিয়েছিলেন। ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করতে বলেন কাউন্সিলর। আর তাতেই মহাদেব মণ্ডল ও তাঁর পরিবারের লোকেরা কাউন্সিলরের গায়ে হাত তোলেন বলে অভিযোগ কাউন্সিলর-পুত্রের। বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়।