নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টের দরজায় পৌঁছল মুর্শিদাবাদের অশান্তির মামলা। বিশেষ দল (সিট) গঠন করে মুর্শিদাবাদের অশান্তির ঘটনা তদন্ত করে দেখার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন শশাঙ্ক শেখর ঝা নামে এক আইনজীবী। যদিও কবে ওই মামলার শুনানি হবে তা জানা যায়নি।
ওয়াকফ আন্দোলন নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান, রঘুনাথগঞ্জ-সহ বিস্তীর্ণ এলাকা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষও হয়েছে। বেশ কয়েকজনের মৃত্যুর খবরও মিলেছে। গত শনিবারই উপদ্রুত এলাকা আধা সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচচারপতি সৌমেন সেন ও বিচচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ বেঞ্চ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে চুটে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এলাকায় ঘাঁটি গেড়ে রয়েছেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার।
ইতিমধ্যেই অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০০-র বেশি দাঙ্গাবাজকে পাকড়াও করেছে পুলিশ। সোমবার সকালেই রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম অভিযোগ করেছিলেন, ‘ভিন রাজ্য থেকে মুর্শিদাবাদ নিয়ে গুজব ছড়িয়ে পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চলছে।’ দাঙ্গাবাজ এবং গুজবকারীদের কাউকে রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। আধা সেনা নামানোর পরে এবং পুলিশের দুঁদে আধিকারিকরা এলাকায় ঘাঁটি গাড়ার পরে গত ৩৬ ঘন্টায় নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি বলেও দাবি করেছিলেন তিনি।
যদিও মুর্শিদাবাদের অশান্তি নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে কোমর কষে ঝাঁপিয়েছে বিজেপির বঙ্গ নেতৃত্ব। আফস্পা জারির দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার পদ্ম সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। যদিও ওই চিঠিকে গুরুত্ব দেননি স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা।