নিজস্ব প্রতিনিধিঃ কুড়ুল দিয়ে একের পর এক কোপ । তাতেই প্রাণ হারালেন এক মহিলা । সেইসঙ্গে জখম হয়েছেন তিনজন । তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে । সোমবার গভীর রাতে ঝাড়গ্রামের বিনপুর থানার অন্তর্গত এড়গোদা অঞ্চলের ধুধুপাল গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে ।
মৃতার নাম ৪৪ বছরের রাধারানি পাত্র। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃত হলেন রঞ্জিত সাধু। পুলিশ সূত্রে খবর, গভীর রাতে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে অশান্তি চরম আকার নেয়। রঞ্জিত তার নিজের বৌদিকে কুড়ুল দিয়ে মাথায়, হাতে আঘাত করতে থাকে। সঙ্গে সঙ্গে তাঁকে বাঁচাতে এসেছিলেন মেয়ে অঞ্জলি দাস পাত্র ও এক আত্মীয় জয়িতা পাত্র। তাদেরকে দেখেই রঞ্জিত আবার হামলা শুরু করে দেয় । তাতেই ঘটনাস্থলে প্রাণ হারান রাধারানি। সেইসঙ্গে গুরুত্বর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অঞ্জলি, জয়িতা সহ আরও একজন ।
খবর পেয়েই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিস সুপার বিশাল পুলিস বাহিনী-সহ বিনপুর থানার আইসিকে নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়। অভিযুক্ত রঞ্জিত পাতরকে নিরস্ত্র করে অস্ত্র সমেত গ্রেফতার করে। কিন্তু কী কারণ এই হামলা? তা এখন সামনে আসেনি । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে । এলাকার মধ্যে এই হামলার ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা ।