নিজস্ব প্রতিনিধিঃ আজ নেতাজির জন্মদিন। এই উপলক্ষে বৃহস্পতিবার কালাচিনিতে নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাঁখ , সাইরেন বাজিয়ে সুভাষকে স্মরণ করলেন তিনি । এরপরেই মঞ্চে বক্তব্য রাখা শুরু করেন মমতা । আর তখনই তিনি বলেন,’ নেতাজির তৈরির যোজনা কমিশন তুলে দেওয়া হয়েছে । নেতাজি চক্রান্তের শিকার।’
নেতাজিকে নিয়ে বলতে গিয়ে মমতা বলেন,’ নেতাজির জন্মদিন জানি , মৃত্যুদিন জানি না। সব ধর্মকে নিয়ে চলতে বলতেন নেতাজি । তিনি আমাদের চিন্তানায়ক। তাই আমরা জয় হিন্দ বাহিনী তৈরি করেছি ।‘ সেইসঙ্গে নেতাজির অন্তর্ধান নিয়ে কেন্দ্রকে তোলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন,’ কেন্দ্র কেন গোপন ফাইল প্রকাশ্যে আনছে না। আমরা তো রাজ্যের কাছে থাকা ৬৪ টি ফাইল প্রকাশ করেছি।‘
ইতিমধ্যে নেতাজি-সহ দেশের শহিদদের স্মৃতিতে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারকে আলিপুর মিউজিয়ামে পরিণত করেছে রাজ্য। শুধু তাই নয় রাজ্যের তরফে নেতাজির জন্মদিনে সরকারি ছুটির ব্যবস্থা করা হয়েছে । কিন্তু এখন পর্যন্ত নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার । আর তা নিয়ে এদিন বেশ ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন,’ নেতাজিকে যাতে সারা দেশ শ্রদ্ধা জানাতে পারে সেইজন্য কেন্দ্রের উচিত জাতীয় ছুটি ঘোষণা করা। ‘ বলা বাহুল্য, প্রত্যেক বছরই নেতাজির জন্মদিনকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে পালন করে রাজ্য সরকার। কলকাতায় থাকলে মুখ্যমন্ত্রী নিজে এই দিনে প্রত্যেক বছর নেতাজিকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। কিন্তু এখন উত্তরবঙ্গ সফরে থাকায় এদিন কালাচিনিতে নেতাজির জন্মজয়ন্তী পালন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।