নিজস্ব প্রতিনিধি : ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল গোবিন্দপুর ১২ নম্বর জাতীয় সড়কে। কুয়াশার জেরে টোটোয় সজোরে ধাক্কা লরির। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ২। বুধবার(২২ জানুয়ারি)সকালে শান্তিপুর থানার অধীনস্থ গোবিন্দপুর ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতোই দিগনগর বাসিন্দা মাছ ব্যবসায়ী কাশেম দফাদার গোবিন্দপুর মাছের আড়ৎ থেকে মাছ নিয়ে দিগনগরের দিকে যাচ্ছিলেন। আর ঠিক তখনই উল্টো দিক থেকে একটি বালি বোঝাই ডাম্পার এসে সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলই কাশেম দফাদার নামে মাছ ব্যবসায়ী প্রাণ হারান। টোটোতে থাকা আরও ২ জন আহত হয়। ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে গিয়েছে টোটো।
এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছায় শান্তিপুর থানা ও রানাঘাট পুলিশ জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। দুর্ঘটনার পরে দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক। পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।