নিজস্ব প্রতিনিধি : পেটে ছুরি মেরে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল গুণধর স্বামীর বিরুদ্ধে। এই নৃশংস ঘটনায় তীব্র চাঞ্চল ছড়িয়েছে নদীয়ার শান্তিপুরে। স্ত্রীকে পেটে ছুরি মেরে বাড়িতেই ফেলে রেখে চম্পট দেয় স্বামী। বুধবার(২২ জানুয়ারি)ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গৃহবধুর। ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট পুলিশ মর্গে। নৃশংস ওই ঘটনাযর পর থমথমে রয়েছে এলাকা।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের তিন নম্বর রেলগেট সংলগ্ন বানকপাড়া এলাকায়। স্থানীয়রা জানিয়েছে মৃতা গৃহবধূর নাম লক্ষ্মী সর্দার, স্বামী ভুবন সর্দার। অভিযোগ ভুবন ছিল নেশাখোর। রোজ মদ্যপান করে ওই গৃহবধূর সঙ্গে অশান্তি করত ভুবন। প্রায় লক্ষ্মীকে মারধর করত সে।
মৃতার পরিবার সূত্রে খবর, গতকাল মেয়ে লক্ষ্মী সর্দার তাঁর বাবার বাড়িতে ফোন করে বলে সে হয়তো আর বাঁচবে না। সেই কথা শুনে বৃহস্পতিবার(২৩ জানুয়ারি)পরিবারের লোকজন মিলে লক্ষ্মীর শশুর বাড়িতে এসে দেখে তাদের মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মেঝেয়।
এই ঘটনায় অভিযুক্ত ভুবন সর্দার কে ইতিমধ্যে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে খুনের অভিযোগ দায়ের করা হয় শান্তিপুর থানায়। জানা যায় ওই গৃহবধূর দুটি জমজ কন্যা রয়েছে, তাদের বিয়ে হয়ে গেলেও বাবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না দুজনেরই। মায়ের সঙ্গে এই ধরনের নৃশংস ঘটনায় মেয়ে পায়েল সর্দার বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।