নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: কিছু দিন আগেই ওয়াকফ আইনের প্রতিবাদে হিংসার পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদে। এই প্রতিবাদে বহু মানুষের ঘর-বাড়ি ভেঙে ফেলা হয় ওই জেলার কিছু কিছু এলাকায়। তার উপর বর্তমানে ভারত ও পাকিস্তানের সংঘাত নিয়ে উত্তপ্ত সারা দেশ। এই পরিস্থিতির মাঝেই মুর্শিদাবাদের আকাশে দেখা গেল রহস্যজনক একটি ড্রোন। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার রাতে ভারত-বাংলাদেশ বোর্ডার সংলগ্ন দুর্গাপুর-বরোজডিহি গ্রামে ওই ড্রোনটির দেখা যায়। সঙ্গে সঙ্গে সেটি বাজেয়াপ্ত করে নেয় সীমান্ত রক্ষী বাহিনী। পাকিস্তান ও ভারতের সংঘাতের মধ্যে মুর্শিদাবাদের সীমান্ত সংলগ্ন গ্রামে এই ড্রোন পাওয়া যাওয়ায় আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা।
পুলিশ সূত্রে খবর, কয়েকজন যুবক শনিবার রাতে সামশেরগঞ্জ থানার অন্তর্গত নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর-বরোজডিহি গ্রামের পাশের মাঠে বন্ধুরা মিলে গল্প করছিলেন। ঠিক তখনই আড্ডা দেওয়া যুবকদের মধ্যে পলাশ নামের একজন ভুট্টা খেতের পাশে একটি ড্রোন দেখতে পায়। ড্রোনটি কার বুঝতে না পেরে সে নিজের বাড়িতেই নিয়ে যায়। পলাশের এই ড্রোন খুঁজে পাওয়ার কথা গ্রামে ছড়িয়ে পরে। ড্রোনের বিষয় খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় পুলিশ, বিএসএফ ও স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা। এই বিষয় নিমতিতা গ্রাম পঞ্চায়েতে স্থানীয় সদস্য আনসারুল হোসেন বলেন, “মুহূর্তে ড্রোন উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানা এবং বিএসএফকে। ক্যাম্প থেকে বিএসএফ আধিকারিকেরা এসে ড্রোনটি পরীক্ষার জন্য নিয়ে যায়।”
যেখান থেকে ড্রোনটি পাওয়া গিয়েছে তার খুব কাছেই রয়েছে নিমতিতা বিএসএফ ক্যাম্প। তবে এই ড্রোন কীভাবে বরোজডিহি গ্রামে এসে পৌঁছাল তা এখনও বোঝা যাচ্ছে না। তবে ইতিমধ্যেই সামসেরগঞ্জ থানার এক আধিকারিক বলছেন, রবিবার সকালের দিকে এক যুবক ড্রোনটি নিজের বলে দাবি করে। ও নিয়ে যেতে চায়। তবে পুলিশ ওই যুবকের ল্যাপটপ ও মোবাইল ফোনের যাবতীয় রেকর্ড খতিয়ে দেখছে বলে খবর।