নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা দিবসের দিন বাঁকুড়ায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা । এদিন বাঁকুড়ার জঙ্গলমহল থেকে উদ্ধার হল মাওবাদী নামাঙ্কিত পোস্টার । স্থানীয়রা রাইপুর থানার মটগোদা ও শাড়িগাড়ি গ্রাম লাগোয়া এলাকায় এই পোস্টার দেখতে পান। আর তাতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে খবর পেয়ে পুলিশ ওই পোস্টারগুলিকে ছিঁড়ে ফেলে দেয়।
এই প্রসঙ্গে বাঁকুড়ার পুলিশ সুপার জানিয়েছেন,’ বর্তমানে কোন মাওবাদী নেই। এরআগেও একাধিকবার পোস্টার উদ্ধার হয়েছিল এলাকা থেকে। তবে এই ঘটনার সঙ্গে মাওবাদীদের কোন যোগ নেই। আমরা তাও নজর রাখছি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সংবাদমাধ্যমের নজর টানতেই দুস্ক্রতিরা এই পোষ্টার দিয়েছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।‘
উল্লেখ্য, ২০১১ সালের আগে স্বাধীনতা এবং প্রজাতন্ত্র দিবসে জঙ্গলমহলে হত মাওবাদী কার্যকলাপ। মাওবাদী নেতা কিষেনজির মৃত্যুর পর আর তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ২০২২ সালে বাঁকুড়ার বারিকুল থানা এলাকায় একটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার পোস্টার উদ্ধার হয়েছিল। তাতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন একজন। কিন্তু পরে জানা গিয়েছে, তাঁর সঙ্গে মাওবাদীদের কোন যোগ নেই। এই ঘটনার পর ফের স্বাধীনতা দিবসের দিন জঙ্গলমহলে দেখা গেল মাওবাদী নামাঙ্কিত পোস্টার । কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়ে উঠছে প্রশ্ন।