নিজস্ব প্রতিনিধি : একধাক্কায় কমল পারদ।একরাতেই ৫ ডিগ্রি পারদ পতন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।আজ শুক্রবার(২১ ফেব্রুয়ারি)বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলায়। আগামীকাল শনিবার(২২ ফেব্রুয়ারি) থেকে সমগ্র দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। কলকাতায় শনিবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভবনা। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবারের পর আবহাওয়া বদল হতে পারে।
এদিকে উত্তরবঙ্গে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী সোমবার পর্যন্ত। শুক্রবার থেকেই জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে দক্ষিণবঙ্গে শনি এবং রবিবার ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা দিল্লি,পাঞ্জাব, চন্ডিগড়,হরিয়ানা, আসাম, মেঘালয়, মনিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, অরুনাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরের লাদাখ, হিমাচল প্রদেশ, বিহার-ঝাড়খন্ড, ওড়িশা, সিকিম, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে।
কলকাতায় রাতের তাপমাত্রা ২৩.৪ থেকে প্রায় ৫ ডিগ্রি নেমে ১৮.৪ ডিগ্রি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ থেকে প্রায় ৪ ডিগ্রি নেমে ২৭.৫ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতার আলিপুরে বৃষ্টি হয়েছে ৪৭.৭ মিলিমিটার।