নিজস্ব প্রতিনিধি: তীব্র গরম থেকে অল্প হলেও মুক্তি পেয়েছে বঙ্গবাসী। দিনের বেলা অতিরিক্ত গরম থাকলেও রাতের দিকে বদলেছে আবহাওয়া। সোমবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ ডিগ্রির উপরে। মহানগরের তাপমাত্রা এই থেকে কিছুটা কম দেখা দেখা যায়। সারা দিন ছিল ভ্যাপসা গরম। তবে বেলা বাড়ার সঙ্গে দেখা গিয়েছে তার পরিবর্তন। কলকাতা-সহ বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে বৃষ্টিও।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরের কয়েক জায়গাতেও ভাল বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।
সন্ধ্যের বৃষ্টির জন্য কলকাতার তাপমাত্রার পারদ নেমে গিয়ে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াসে আসে। আবহাওয়া সূত্রে খবর, সোমবার দমদমে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০.৩ ডিগ্রি, তবে রাতে সেটি নেমে হয়ে যায় ৩১.৩ ডিগ্রি। তবে অতিরিক্ত গরম থেকে রেহাই মিলবে কী না তার এখনও এখনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরেরর কাছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আর কিছু দিনের মধ্যে দক্ষিণবঙ্গে কিছু জায়গায় ঝড়-বৃষ্টির কারণে খানিকটা স্বস্তি মিলবে। মৌসম ভবন সূত্রে খবর, পূর্বে নির্ধারিত ১ জুন নয়, তার পাঁচ দিন আগে অর্থাৎ ২৭ মে থেকেই কেরলে বর্ষার প্রবেশ ঘটতে পারে।
পাশাপাশি আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই মরশুমে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশিই বৃষ্টি পেতে পারে ভারত। প্রসঙ্গত, একটি বেসরকারি সংস্থা গত মাসের শেষের দিকে জানিয়েছিল, ২০২৫–এ ভারত ‘স্বাভাবিক’ বৃষ্টি পেতে চলেছে। তবে জানা গিয়েছে কেরলে বর্ষা ঢোকা আর পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকার মধ্যে বিস্তর তফাত রয়েছে।