নিজস্ব প্রতিনিধি: এবার যোগ্য তালিকায় নাম না থাকা শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ দেখা গেল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে এই ধর্নায় বসেছেন বলেও জানিয়েছেন তাঁরা। অধিকাংশ ‘অযোগ্য’রা আজ অর্থাৎ শনিবার দুপুরে শিক্ষামন্ত্রীর বাড়ির বাইরে বসেন। তাঁদের দাবি কোনও মতেই তাঁরা ব্রাত্যবাবুর সঙ্গে দেখা না করে সেখান থেকে যাবেন না। কিন্তু সেই সময় শিক্ষামন্ত্রী বাড়িতে না থাকায় তাঁরা ধর্না শুরু করেন। জানা গিয়েছে, পরে পুলিশ এসে জানায় মন্ত্রী দেখা করবেন। এই আশ্বাস পেয়ে ব্রাত্যের বাড়ির সামনে থেকে তুলে নেওয়া হয় অবস্থান।
সম্প্রতি, এসএসসি দফতর থেকে একটি ‘যোগ্য’ স্কুলশিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেই তালিকায় জায়গা পায়নি এই সমস্ত শিক্ষকরা। জানা গিয়েছে, ওএমআর শিটের সমস্যার জন্য এই শিক্ষকদের ‘যোগ্য’দের তালিকায় নাম ওঠেনি। তাই তাঁদের দাবি এখন পর্যন্ত ওএমআরের জটিলতা কাটেনি জেনেও কীভাবে তাঁদের ‘অযোগ্য’ বলে চিহ্নিত করে দেওয়া হল। এই বিষয় পরিষ্কার আলোচনার জন্যই শিক্ষামন্ত্রীর সাক্ষাত তাঁরা দাবি করছেন।
বিক্ষোভকারী চাকরিচ্যুত শিক্ষকরা যখন শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে পৌঁছান তখন তিনি ছিলেন না বলে জানা যায়। সেই সময় বাড়িতে বাইরে থাকা পুলিশ তাঁদের জানায়, কোনও ‘অ্যাপয়েন্টমেন্ট’ ছাড়া ব্রাত্য বসুর সঙ্গে দেখা করা যাবে না। তবে সেখানেই পুলিশের আশ্বাসে তাঁরা ধর্না তুলে নেন। তবে চাকরিহারা জানিয়েছেন, যতক্ষণ না শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারছেন চেষ্টা তাঁরা চালিয়ে যাবেন। সেই এলাকায় এখনও কোনও অশান্তির খবর পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।