নিজস্ব প্রতিনিধি: প্যারিস অলিম্পিক্সের ৫০ কেজি বিভাগের কুস্তি প্রতিযোগিতার ফাইনালে মাত্র ১০০ গ্রাম ওজনে বেশি থাকায় বাদ পড়েছেন ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগট। ওই দুঃসংবাদে বিস্মিত গোটা দেশ। হা-হুতাশ করেছেন ক্রীড়াপ্রেমীরা। বুধবার এ নিয়ে সংসদের দুই কক্ষেও প্রতিবাদের ঝড় তুলেছিলেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদ। বিনেশের হয়ে ভারত সরকারের লড়াই করা উচিত এমন দাবি তুলে ওয়াকআউটও করেছিলেন তাঁরা। আর এদিন রাতেই দেশকে গর্বিত করা বিনেশ ফোগটকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘ভারতরত্ন’ দেওয়া সম্ভব না হলে, যাতে বিনেশকে রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হিসাবে সংসদে জায়গা করে দেওয়া হয়, সেই দাবিও জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।
এদিন রাতে সমাজমাধ্যমে নিজের হ্যান্ডলে (এক্স) অভিষেক লিখেছেন, ‘বিনেশ ফোগটকে নিয়ে সরকার এবং বিরোধীদের উচিত একটি ঐকমত্যে পৌঁছনো। হয় বিনেশ ফোগটকে ভারতরত্ন প্রদান করা বা তাঁকে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসাবে রাজ্যসভায় নিয়ে আসা হোক। তিনি যে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন তার যোগ্য সম্মান জানানো এটাই একমাত্র উপায়। বিনেশ যে অদম্য লড়াই করেছেন তার জন্য তো অন্তত এটুকু আমরা করতেই পারি। এটা অবশ্য ঠিক, কোন পদক তাঁর সত্যিকারের মেধাকে পুরোপুরি প্রতিফলিত করতে পারে না।’
The GOVERNMENT and OPPOSITION should find a way to form a consensus and either award VINESH PHOGAT the BHARAT RATNA or nominate her to a President-nominated RS seat, acknowledging the extraordinary mettle she has demonstrated. This is the least we can do for her, considering the…
— Abhishek Banerjee (@abhishekaitc) August 7, 2024
উল্লেখ্য, বুধবার রাতে প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের সোনার পদকের জন্য লড়াই করার কথা ছিল বিনেশের। কিন্তু মাত্র ১০০ গ্রামের জন্য তাঁকে এদিন সকালে প্রতিযোগিতা থেকেই বাতিল করে দেওয়া হয়। আর ওই ঘটনা জানাজানি হতেই অলিম্পিক্স আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গোটা দেশবাসী।