নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরের পেহেলগাঁও-তে অমানবিক অত্যাচারের শিকার হয়েছিলেন বেহালার বাসিন্দা বিতান অধিকারী। এবার বেহালা পূর্বের তৃণমূল বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় নিহতের মা-বাবার প্রতি মাসের ওষুধ খরচার দায়িত্ব নিয়েছেন।
পূর্ব বেহালার বিতানের হত্যার খবর পেয়েই তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ছিলেন সেখানকার তৃণমূল বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়। আজ অর্থাৎ বৃহস্পতিবার আবার তিনি নিহত বিতানের মা-বাবার সঙ্গে দেখা করেন। জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে একটা অর্থ সাহায্য ঘোষণা করা হবে। কিন্তু তাঁর আগেই বিধায়িকা রত্না বিতানের মা ও বাবার প্রতি মাসে সমস্ত ওষুধের খরচা চালাবেন বলে জানিয়েছেন।
কাশ্মীরের হত্যাকাণ্ডে ছেলের মৃত্যুতে সম্পূর্ণ ভেঙে পড়েছেন বিতান অধিকারির বাবা ও মা। বিতানের মা পূর্ব বেহালার বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সময় বলেন, “ আমাদের ওষুধের খরচা ও দিত এবার কে তা দেবে।” এর উত্তরে বিধায়িকা বলেন, “আমরা আছি আপনার পাশে এবং প্রতি মাসে টাকা আপনার ব্যাঙ্কে ঢুকে যাবে সময় মতো।” এই দিন বিতানের মা-বাবা দু’জনেই ভীষণ দুঃখের সঙ্গে তাঁদের সমস্ত কষ্টের কথা বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়ের সামনে খুলে বলেন। এই দিন বিতান অধিকারীর বাড়িতে শুভেন্দু অধিকারীও এসেছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায়, হামলা চালায় জঙ্গিরা। রিসর্টে ঢুকেও গুলি চালায় তারা। এভাবেই লনে পড়ে থাকতে দেখা যায় পর্যটকের রক্তাক্ত দেহ। জখম পর্যটকদের মধ্যে অধিকাংশ গুজরাতের বাসিন্দা। তাছাড়াও মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ুর পর্যটকরাও রয়েছেন। হামলার দায় স্বীকার করেছে পাক ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগি সংগঠন TRF। অভিযোগ, পর্যটকদের নাম-পরিচয় জানতে চাওয়ার পর তাদের নিশানা করা হয়।