নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি চালাচ্ছে জুনিয়র চিকিৎসকেরা। এই আবহে রাজ্য সরকারের তরফ থেকে চিকিৎসকদের দাবি মেনে নিয়েছেন। তবুও অব্যাহত কর্মবিরতি। এই আবহে বুধবার জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
লিখলেন,’ প্রথম দিন থেকে, আমি নিরাপত্তা দিয়ে ডাক্তারদের উদ্বেগকে সমর্থন করেছি। হাসপাতালগুলির নিরাপত্তা বাড়ানোর কাজ চলছে। আশা করছি আগামী ১৪ দিনের মধ্যেই সিসিটিভি লাগানোর কাজ শেষ হবে।‘ পাশাপাশি অভিষেক আরও জানান,’ রাজ্য সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে স্বাস্থ্য দফতর ও কলকাতা পুলিশের কয়েকজন শীর্ষ আধিকারিককে বদলি করেছে। তাই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দেওয়া উচিত। ‘
শুধু তাই নয় এদিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সিবিআই তদন্ত নিয়েও সরব হয়েছেন। তিনি লেখেন, ‘ সিবিআই-কে নিশ্চিত করতে হবে, কোনও অপরাধী যেন ছাড়া না পায়। যত দ্রুত সম্ভব অপরাধীদের সাজার ব্যবস্থা করতে হবে। তবে গত ১০ বছরে সিবিআই কোনও তদন্তই শেষ করতে পারেনি। বিচারে দেরি মানে, বিচার থেকে বঞ্চিত হওয়া।‘ একথায় বলা যায়, আরজি কর কাণ্ড নিয়ে সিবিআই তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।