নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে আমজনতাদের সঙ্গে পা মিলিয়ে রাজপথে নামেছে বিশিষ্টজনেরা। তবে সেইসময় দেখা যায়নি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়কে। আর তা নিয়ে শুরু হয় নানা প্রশ্ন। এই আবহে এবার রাজপথে নামার সিদ্ধান্ত নিলেন সৌরভ এবং ডোনা। আগামীকাল বুধবার অর্থাৎ ২১ অগস্ট সন্ধ্যা সাড়ে সাতটার সময় বড়িষা থেকে মিছিলে পা মেলাবেন দুজনে।
ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই প্রতিবাদ মিছিল। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে এই প্রতিবাদ। আর মিছিলে যোগ দেওয়ার জন্য বিভিন্ন নৃত্যশিল্পীকে আবেদন জানান হয়েছে। এই মিছিলটি বুধবার জেমস লং সরণি, বেহালা চৌরাস্তা ব্লাইন্ড স্কুল হয়ে ফের ডোনার নাচের স্কুলের সামনে গিয়ে শেষ হবে বলে জানান হয়েছে।
অন্যদিকে আরজি করের ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে কালো ছবি আপলোড করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ইন্সটাগ্রাম, টুইটারে দেখা যায় কালো ছবি। তিনি ইন্সটাগ্রাম স্টোরিতেও কালো ছবি আপলোড করেন। উল্লেখ্য, আরজি কর কাণ্ড নিয়ে ‘রাত দখল’ কর্মসূচীর ডাক দিয়েছিল মহিলারা। কিন্তু সেখানে দেখা যায়নি ডোনাকে। তা নিয়ে সৌরভ পত্নী জানিয়েছিলেন, ’ সানার শরীর ভাল না। হঠাৎ ডিহাইড্রেশন হয়। বমি করতে শুরু করে। তাই আমরা যেতে পারিনি।‘ এখান থেকেই স্পষ্ট যে মেয়ে সানা অসুস্থ না হলে ‘ রাত দখল’ কর্মসূচীতে রাজপথে নামতেন ডোনা। এরপরেই পথে নামার কথা ঘোষণা করলেন সৌরভ পত্নী।