নিজস্ব প্রতিনিধিঃ ফের রেশন দুর্নীতি কাণ্ডে সক্রিয় ইডি। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে। প্রায় ১০ টি জায়গায় ইডি হানা দিয়েছে । জানা গিয়েছে, এদিন ইডির স্ক্যানারে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস। ইতিমধ্যেই তাঁর বসিরহাট,রাজারহাটের বাড়িতে ইডির আধিকারিকরা হানা দিয়েছে। বারিকের বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুধু তাই নয় তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।
বলা বাহুল্য, বারিকের নামে জড়িয়েছে একাধিক মামলায়। তারমধ্যে রয়েছে গরু-কয়লা পাচার এবং রেশন দুর্নীতিতে। ইডি সূত্রের খবর, বারিক রেশন দুর্নীতির টাকা রেশন দুর্নীতির টাকা সোনা ও ইটভাটার ব্যবসায় বিনিয়োগ করেছে। তাই এদিন বারিকের রাইস মিলেও তল্লাশি চালিয়েছে তদন্তকারী আধিকারিকরা।
উল্লেখ্য, ২০১৪ সালে একবার সোনা পাচার কাণ্ডে বারিক বিশ্বাসকে গ্রেফতার হয়েছিলেন। সেইসময় প্রায় ৪৫ কেজি সোনা পাচার কাণ্ডে তিনি গ্রেফতার হন। তাই রেশন দুর্নীতি মামলার বিভিন্ন সূত্র খুঁজতে ইডির এই তল্লাশি বলে জানা যাচ্ছে। বলা বাহুল্য, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরপরেই ইডির তদন্তে উঠে আসে বারিক বিশ্বাস, মুকুল রহমানদের নাম।